সারাদেশ
ময়মনসিংহে সংরক্ষিত নারী আসনে মনোনয়নকে ঘিরে বিএনপির একাধিক নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে তিনজন নেত্রীর নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। তারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ত্যাগ, দলীয় আনুগত্য এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। এ লক্ষ্যে মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড তুলে ধরে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন—ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিন চৌধুরী লিলি এবং ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা।
ফরিদা ইয়াসমীন পারভীন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও তৃণমূল পর্যায়ে সক্রিয়। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার আশা, দলের প্রতি দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। সুযোগ পেলে তিনি নারী অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে চান।
অন্যদিকে তানজিন চৌধুরী লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে অতীতে তিনি কারাবরণসহ একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। তিনি মনে করেন, তার এই ত্যাগের স্বীকৃতি দল দেবে।
ফাহসিনা হক লীরা দীর্ঘদিন ধরে নারী শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং নারীর দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। তিনি ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি। সম্প্রতি তিনি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি এবং তার বাবা এ কে ফায়জুল হক মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। সুযোগ পেলে তিনি জাতীয় সংসদে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করতে চান।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু জানিয়েছেন, দলের জন্য যারা বেশি ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিবেচনায় নিয়েই মনোনয়ন দেওয়া হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।
সর্বশেষ