সারাদেশ

শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ‘জুলাই যোদ্ধাদের’ মানববন্ধন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার মদন উপজেলার ‘জুলাই যোদ্ধারা’।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলা প্রেস ক্লাবের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মদন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ‘জুলাই যোদ্ধারা’ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বিপ্লবী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর চালানো এই নৃশংস গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাজনৈতিক সন্ত্রাস, দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী অপচেষ্টারই অংশ। বক্তারা এই হামলাকে কাপুরুষোচিত ও বর্বরোচিত আখ্যা দিয়ে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মো. রোমন মিয়া। তিনি বলেন,“জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক শরীফ ওসমান বিন হাদির ওপর এই গুলিবর্ষণ কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি আমাদের বিপ্লবী চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই—অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”


বক্তারা আরও বলেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় এবং সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের আস্থা ও গণতন্ত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন শেষে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

সর্বশেষ