ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পে ধীরগতি, অপরিকল্পিত কার্যক্রম এবং অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদী রক্ষা ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বুধবার (২০ মে) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অধীনে প্রায় তিন হাজার কোটি টাকার ব্যয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্রের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত প্রায় ২২৭ কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা থাকলেও দীর্ঘ সাত বছরেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সমাবেশে শাহরিয়ার অভিযোগ করে বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্য সামনে রেখে প্রকল্প নেওয়া হলেও বাস্তবে পরিকল্পিতভাবে খনন কার্য পরিচালিত হয়নি। বরং খননের নামে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং উত্তোলিত বালু নদীর তীরে ফেলে রাখায় দখলদারদের দৌরাত্ম্য বাড়ছে।
তিনি আরও বলেন, পুরাতন ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। অথচ অপরিকল্পিত খনন ও দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে নদীপাড়ের মানুষ ফসলি জমি ও বসতভিটা হারিয়ে ক্ষতির মুখে পড়ছেন।
বক্তারা বলছেন, স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, শত শত কোটি টাকার এই অবৈধ বালু বাণিজ্যের সঙ্গে প্রভাবশালী মহল ও অসাধু চক্র জড়িত থাকতে পারে। ফলে কার্যকর অভিযান পরিচালনায়ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা খনন প্রকল্পের বাস্তব অগ্রগতি, ব্যয়ের হিসাব এবং প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান। একই সঙ্গে নদী রক্ষায় পরিকল্পিত খনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিক-এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক রুমেল, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান, আবির হোসেন, নয়ন চক্রবর্তীসহ আরও অনেকে।
সর্বশেষ