সর্বশেষ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ নেত্রকোণার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

রানা খান | নেত্রকোনা ১০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
news image

পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ‘ইফতারে আনন্দ পর্ব–৫’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলার বিভিন্ন স্থানে এ মানবিক কর্মসূচি সম্পন্ন করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ইফতারের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। এবারের কর্মসূচি দুটি পৃথক টিমের মাধ্যমে জেলার বিভিন্ন জোনে পরিচালিত হয়।

এর মধ্যে মাদ্রাসা জোনে নেত্রকোণার রায়দুম রুহি এলাকার ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতার আয়োজন করা হয়। মাদ্রাসাটির বালক ও বালিকা উভয় সেকশনের প্রায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে ইফতার তুলে দেন।

অন্যদিকে সংগঠনের আরেকটি টিম জেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবস্থানরত শ্রমজীবী, ভাসমান ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে। কর্মব্যস্ত মানুষের কাছে ইফতার পৌঁছে দিয়ে তাদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেন স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, এ আয়োজন বাস্তবায়নে সংগঠনের সম্মানিত দাতাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের দেওয়া অনুদান ও সহযোগিতার মাধ্যমেই এত মানুষের মাঝে ইফতার বিতরণ সম্ভব হয়েছে।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) নেত্রকোণা জেলা শাখা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ