সারাদেশ

ভুয়া চিকিৎসক শনাক্ত, ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্কবার্তা

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখার অভিযোগে দুই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে কয়েকটি প্রতিষ্ঠান তল্লাশি করা হয়। এ সময় রোগী দেখার সরাসরি প্রমাণ পাওয়ায় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত মনির আলম সূর্যকে ২০ হাজার টাকা এবং আদর্শ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় শাহনাজ ইসলাম মিমিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জরিমানাপ্রাপ্ত ওই দুই ব্যক্তি বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত চিকিৎসক নন। অথচ বিভিন্ন ডিগ্রি ও পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন। তাদের বিরুদ্ধে আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগও রয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোগী দেখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহনগঞ্জ থানার পুলিশও সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনগণের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না।”

স্থানীয় সচেতন মহল এ অভিযানের প্রশংসা করে জানান, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে।

 

সর্বশেষ