সারাদেশ
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এই দেশের মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ এগিয়ে নেওয়া হবে।”
শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু গোষ্ঠী ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, বাংলাদেশের মানুষ তাদেরকেই সমর্থন দেবে। দেশের উন্নয়ন ও রাষ্ট্র রক্ষার দায়িত্ব সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।”
সমাবেশে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ত্রিশালের ধরার খাল খনন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর সেই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুর ২টা ২১ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই খনন কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
সর্বশেষ