সারাদেশ

আটপাড়ায় হানাদারমুক্ত দিবস উদযাপন: র‍্যালি, পুষ্পস্তবক ও আলোচনা সভা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
news image

নেত্রকোনার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে সমবেত হয়। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৮ ডিসেম্বর আটপাড়ার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন, যেদিন এ উপজেলার মানুষ পাক হানাদার বাহিনীর দখল ও নির্যাতন থেকে মুক্তি অর্জন করে। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের জাতীয় দিবস পালনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগ, দেশের প্রতি তাদের অগাধ ভালোবাসা এবং বীরত্বগাঁথা স্মরণ করে বলেন, স্বাধীনতার সুফল ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক বক্তৃতা পর্ব এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া মাহফিল। পুরো অনুষ্ঠান জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে।

সর্বশেষ