সারাদেশ
দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার পর দলটির সকল পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন।
সম্প্রতি তিনি বিএনপির মহাসচিব বরাবর একটি লিখিত আবেদনের মাধ্যমে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান। আবেদনে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের কথা স্পষ্ট করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, শাহ নুরুল কবির শাহীন ১৯৯৬ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। টানা চার দশকের বেশি সময় ধরে দলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ের দায়িত্বেও ছিলেন তিনি। শাহ নুরুল কবির শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় এনে দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তার পদত্যাগপত্রের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিনের এই রাজনৈতিক নেতার পদত্যাগে ঈশ্বরগঞ্জসহ ময়মনসিংহ-৮ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সর্বশেষ