সারাদেশ

বিশেষ কোনো দল নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

আনন্দ পত্রিকা ডেস্ক। ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
news image

সাধারণ মানুষের মুক্তি ও দেশে সুশাসন প্রতিষ্ঠা এখন জরুরি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট বিপ্লবের পরদিন থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তরের জন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রেখেছে। ক্ষমতায় না গিয়েও তারা ক্ষমতার দাপট দেখাচ্ছে। তিনি বলেন, আমরা নির্বাচনে কোনো বিশেষ দলের বিজয় চাই না। দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। জনগণের বিজয়ের বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম দিয়েই বাজবে। 

শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের লালদীঘি ময়দানে পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। 

দুপুর থেকে লোকারণ্য হয়ে ওঠে লালদীঘির মাঠ। হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে আয়োজক রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। 

বিকেল ৩টায় সমাবেশস্থলে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। কেউ নতুন করে ফ্যাসিবাদ কায়েম করলে এ দেশের মেহনতি মানুষ তা বরদাস্ত করবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।’

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ পিলখানায় চৌকশ সামরিক কর্মকর্তাদের ও শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন তারা নাকি শরীরে রং দিয়ে শুয়ে ছিল। আওয়ামী লীগ রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।’

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে দুটি পক্ষ রয়েছে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় হবে এবং ইসলামই ক্ষমতায় যাবে।’ তিনি বলেন, ‘ড. ইউনূসকে বলব, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন দিতে হবে। না হলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। যার যা আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’  

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এবার ইসলামী দলগুলো বিজয়ী হলে ইসলাম যে অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, তা গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচন ও গণভোটে জয়লাভের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। 

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আর  মানুষ গ্রহণ করবে না। ইসলামের বাক্সে ভোট দিয়ে উন্নয়নের পথে, সাম্যের পথে, প্রগতির পথে দেশকে এগিয়ে নিতে হবে।’ জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, এবার আট দলের ঐক্যবদ্ধ শক্তিকে কেউ দমাতে পারবে না।  

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলাউল্লাহ আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব আল্লামা মুফতি মুসা বিন ইজহার প্রমুখ। 

সর্বশেষ