জাতীয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
news image

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। 

শনিবার (০১ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তাঁর বক্তব্যে সমবায়ভিত্তিক উন্নয়ন ব্যবস্থাকে গ্রামীণ ও নগর অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, “সমবায়ের মূল দর্শন হলো সম্মিলিত উদ্যোগ। উন্নয়নের স্বার্থে ঋণ বিতরণকে সহজতর করা, অনাদায়ী ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং সমবায় সমিতিগুলোর বেদখল হওয়া অবকাঠামো উদ্ধার—এই বিষয়গুলোতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমবায় হলো সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার পথ। সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা, আর্থিক শৃঙ্খলা ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পায়। অর্জিত এই শক্তিকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে হবে।

সর্বশেষ