সর্বশেষ

ধোবাউড়ায় ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, ডোমগাটা গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. সাইফুল্লাহ। তার গ্রামের বাড়িতে বাবা-মা, বড় ভাই জয়নাল আবেদীন, স্ত্রী ও দুই সন্তান বসবাস করেন।

মো. সাইফুল্লাহ বলেন, “গতকাল রাত ৩টা ১০ মিনিটের দিকে আমাদের বাড়ির রান্নাঘরে আগুন দেওয়া হয়। পাশাপাশি বসতঘরের টিনের বেড়া কুপিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধরেই ছাত্রলীগ-আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সাম্প্রতিক সময়ে হুমকি আরও বেড়েছিল। আমার ধারণা, আওয়ামী লীগের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে।”

তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে লাকড়ির একটি ঘরে আগুনের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বসতঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগ দেখা গেছে।

তিনি বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ