সারাদেশ

‘দক্ষতা নিয়ে বিদেশ, রেমিট্যান্সে দেশ’—আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য আয়োজন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
news image

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি, প্রবাসী মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়।


“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় টিটিসির সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর সাইদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, রূপালী ব্যাংকের এজিএম মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আরমান হোসেন সিদ্দিক, মদন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফুল মিয়া, টিটিসির ইন্সট্রাক্টর মোঃ শাকিল মোস্তফা।

এছাড়াও আলোচনা সভায় প্রবাসী কর্মী মাসুম, মালয়েশিয়া প্রবাসী কর্মী রাতুল খান রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে দেশের রেমিট্যান্স আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। আলোচনা সভা শেষে প্রবাসী মেলা পরিদর্শন করেন অতিথিরা।

সর্বশেষ