ময়মনসিংহ
ময়মনসিংহে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত চাপ সামাল দিতে জেলায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে প্রশাসনের তৎপরতায় স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। এ ক্ষেত্রে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর ভূমিকা ছিলো বিশেষভাবে প্রশংসনীয়।
ঈদের আগ পর্যন্ত মহাসড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম। ফলে অতীতের তুলনায় যানজট অনেকাংশে কমে আসে।
বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শহরের প্রবেশমুখগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং গণপরিবহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করায় সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “ঈদে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। সকলের সহযোগিতায় এবার পরিস্থিতি অনেক ভালো ছিল।”
অন্যদিকে এসপি মোহাম্মদ কামরুল হাসান জানান, “যানজট নিরসনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে সাধারণ মানুষ ও যাত্রীরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
সর্বশেষ