সারাদেশ

ঈশ্বরগঞ্জে ১০৬ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল ব্লাড ডোনেট ফাউন্ডেশন

রাকিবুল ইসলাম | ঈশ্বরগঞ্জ ১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০৬টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) উপজেলার দত্তপাড়া এলাকার আর.এম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, চাল, নুডলস, সাবান, পেঁয়াজ ও ভোজ্যতেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ফরহাদ হোসেন। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাহিদুর ইসলাম বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সংগঠনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ