আইন-আদালত

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার- ৮

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
news image



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, মাদক এবং পরোয়ানারভুক্ত মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রয়েছেন—উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান ভূঁইয়া ওরফে লিটন (৩৮)। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন সোহাগী ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।

মাদক মামলায় গ্রেপ্তার হন, কামা লাল (৪০), হারুন অর রশিদ (৫৫) এবং নাজিরুন ইসলাম (৫৯), যারা মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা। একই মামলায় সোহাগী ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মাসুদ মিয়া (৩৪)-কে আটক করা হয়।

এ ছাড়া গত সপ্তাহে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগে শাকিল আহম্মেদ (৩৮)-কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতা, মাদক ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ