শিক্ষা

ঈশ্বরগঞ্জে শিক্ষার জয়ধ্বনি: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ছয় প্রাক্তন শিক্ষার্থী

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়–এর ছয়জন সাবেক শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগদান করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি তাঁরা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

একই বিদ্যালয় থেকে একসঙ্গে ছয়জন শিক্ষার্থীর চিকিৎসক হিসেবে যোগদানকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।


সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়—পুরো বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জবাসীর জন্য গর্বের অর্জন। ২০০৯ ব্যাচের মো. আনোয়ার রহমান (ইমন), ২০১২ ব্যাচের নির্জনা রাউত (তন্বী), ২০১৩ ব্যাচের অনন্যা সরকার এবং ২০১৪ ব্যাচের আনিসুর রহমান (রিয়াদ), নিশাদ ফারহানা ও জয়িতা দাস—এই ছয়জনই ৪৮তম (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

আনিসুর রহমান (রিয়াদ) নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। শিক্ষাজীবনের শুরুতেই বাবাকে হারানোর বেদনাকে শক্তিতে রূপ দিয়ে দীর্ঘ প্রস্তুতির পর বিসিএসে সাফল্য পান তিনি। প্রান্তিক মানুষের সর্বোচ্চ সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন আনিসুর।

নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ আর অপেক্ষার ফল হিসেবে এই অর্জনকে তিনি পরিবার, শিক্ষক ও সহযাত্রীদের সম্মিলিত সাফল্য বলে উল্লেখ করেন।

একই ব্যাচের জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেছেন। বাবার স্বপ্ন পূরণ করতে পারার আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, স্কুলের বন্ধুরা এখন সহকর্মী—এ অনুভূতি সত্যিই বিশেষ।

২০১৩ ব্যাচের অনন্যা সরকার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে প্রান্তিক মানুষের সেবায় যুক্ত হতে পারায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

২০১২ ব্যাচের নির্জনা রাউত (তন্বী) হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগ দিয়েছেন। ডেন্টাল চিকিৎসায় বিসিএসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রথম চেষ্টাতেই সফল হতে পারা তাঁর জন্য বড় প্রাপ্তি।

আর ২০০৯ ব্যাচের মো. আনোয়ার রহমান (ইমন) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি পরিবার পরিকল্পনা ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মানবিকতা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল বলেন, একই বিসিএসে আমাদের বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থীর স্বাস্থ্য ক্যাডারে যোগদান আমাদের জন্য অসীম আনন্দের। আমরা তাঁদের সাফল্যে গর্বিত। আশা করি, তাঁরা বিদ্যালয়ে এসে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন।”

একই বিদ্যালয় থেকে একসঙ্গে ছয় চিকিৎসকের বিসিএস সাফল্য নিঃসন্দেহে ঈশ্বরগঞ্জের শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে—যা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাবে, লড়াই শিখাবে এবং সেবার মানসিকতায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ