সারাদেশ

একদিনে দুই ট্রেন দুর্ঘটনা, অচল ময়মনসিংহ-জামালপুর রেলপথ

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১০ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
news image

জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে রেলপথে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারে সময় লাগছে।

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে উদ্ধারকাজে নিয়োজিত রিলিফ ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে উদ্ধারকাজে যাওয়ার পথেই রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে নতুন করে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে।

রেলওয়ে সূত্র জানায়, রিলিফ ট্রেনের অবশিষ্ট অংশ ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো রিলিফ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত রেললাইন পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা মূল্যায়নের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ। রেললাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা জানান, রিলিফ ট্রেন উদ্ধার এবং রেললাইনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় যাত্রীদের দাবি, রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে দুর্ঘটনার কারণ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়।

সর্বশেষ