সারাদেশ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংক-এর একটি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর গৌরীপুর উপজেলা-র ডৌহাখলা ইউনিয়ন এলাকার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তাঁর বসতবাড়ি। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তখন তিনি দেখতে পান, কার্যালয়ের জানালা ভাঙা এবং ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। স্থানীয়দের সহায়তায় বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
খবর পেয়ে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল, আলমারি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে ধারণা করা হচ্ছে। কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেওয়া হয়েছে। তবে কারা বা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
ময়মনসিংহের গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
তিনি আওর বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।
সর্বশেষ