ময়মনসিংহ

জামায়াত ক্ষমতায় এলে নারী-পুরুষের সমান কর্মসংস্থান হবে: ডা. শফিকুর রহমান

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
news image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে দেশে নারী ও পুরুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরীতে রূপান্তর করা হবে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি দেখে এসেছে। জনগণ এখন পরিবার, ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি চায় না। তারা জনগণের সরকার প্রতিষ্ঠা দেখতে চায়। তিনি দাবি করেন, দেশের তরুণ সমাজ, নারী ও নতুন প্রজন্ম পরিবর্তনের প্রত্যাশা করছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এসব অর্থ দেশে ফিরিয়ে এনে দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়। ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পর্যাপ্ত বাজেট ও গবেষণা সহায়তা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুবসমাজকে দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, তরুণরা অনুদান বা বেকার ভাতা নয়, কাজের সুযোগ চায়। তাদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ