স্বাস্থ্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল ৯টা থেকেই চিকিৎসাসেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ—সবই বিনামূল্যে প্রদান করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জামায়াত মনোনীত এই প্রার্থী উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছেন। এ ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস, নিউরোমেডিসিনসহ একাধিক বিভাগে রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হয়। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় রোগীদের হাতে।
ক্যাম্প পরিদর্শনকালে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন,“ঈশ্বরগঞ্জের বহু মানুষ এখনো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা নিতে না পারে—এমন পরিস্থিতি আমি চাই না। তাই এসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় উদাহরণ বলে উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সর্বশেষ