সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া: মাদকবিরোধী নেতৃত্বে লুৎফুজ্জামান বাবর

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর দিনভর গণসংযোগ, পথসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) তিনি মদন উপজেলার বিভিন্ন এলাকা সফর করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এদিন তিনি দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিবেশ ছিল আবেগঘন।

গণসংযোগ চলাকালে বাবর শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনপুর খেলার মাঠ, ফতেপুর, বনতীয়শ্রী, বালালী বাগমারা মাদ্রাসা, বালালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুবাওয়ালা বাজার এলাকায় পথসভা ও মতবিনিময় করেন। এছাড়া তিনি তিয়শ্রী ইউনিয়নের যুবদলের সভাপতি মরহুম কবীরের কবর জিয়ারত করেন এবং কুঠুরীকোনা বাগজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করেন।

পথসভাগুলোতে বাবর বলেন,“মাদক শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংস করে। এখন আর নীরব থাকার সময় নেই। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“মাদকবিরোধী আন্দোলন কোনো দলীয় কর্মসূচি নয়; এটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তরুণ সমাজকে নিরাপদ ভবিষ্যৎ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

দিনভর গণসংযোগ শেষে তিনি নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে তার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

স্থানীয় এলাকাগুলোতে বাবরের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি পরিণত হয় জনসমুদ্রে।

সর্বশেষ