নেত্রকোনা

লাথিতে নিভে গেল অনাগত প্রাণ! মোহনগঞ্জে বর্বরতায় ক্ষোভ

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলার ঘটনায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোকেয়া আক্তার (৩৮) ওই গ্রামের বাসিন্দা ওলিউল্লাহর স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, আগামী ১৫ এপ্রিল তার প্রসবের সম্ভাব্য তারিখ ছিল।

অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালায় এবং গরু লুটের চেষ্টা করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় রোকেয়া আক্তার বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কয়েক ঘণ্টার মধ্যে মৃত কন্যাসন্তান প্রসব করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোকেয়ার স্বামী ওলিউল্লাহ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ