নেত্রকোনা

মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির বিদায়ে অশ্রু–হাসির মিলনমেলা

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
news image

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ৭নং মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর দুইটায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহজাদা ওসমানী। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবকের অংশগ্রহণে পুরো হলরুম ছিল উপচে পড়া ভীড়ে মুখরিত।


অভিভাবকদের মাঝে বিশেষভাবে উপস্থিত ছিলেন অধ্যাপক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বিশেষ করে মায়েদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ও প্রশংসনীয়। বক্তব্য দেন ব্যবসায়ী শ্যামল মোল্লা, কবি ও সাংবাদিক সুমন মাহমুদ শেখ, প্রভাষক মাহমুদা আক্তার (স্বর্ণালি), বাংলা বিভাগ, মোহনগঞ্জ সরকারি কলেজসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, একজন সৎ, নীতিবান ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন।


এর আগে কয়েকজন শিক্ষার্থী তাঁদের অনুভূতি ব্যক্ত করে শিক্ষক-অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে। কোমল মনের আবেগ মিশ্রিত এসব বক্তব্যে উপস্থিত পরিবেশ মুহূর্তেই আবেগঘন হয়ে ওঠে।


শেষপর্যায়ে হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, নৈতিক উন্নয়ন ও উত্তম জীবন গঠনের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ বিদায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষক-অভিভাবকরা।

সর্বশেষ