ময়মনসিংহ

মনোনয়ন যুদ্ধের আগুনে পুড়ল গফরগাঁও, থামল ট্রেন, থমকে গেল জনজীবন

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইনে আগুন দেওয়ায় রোববার সকাল থেকে এ পথে ট্রেন চলাচল ব্যাহত হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ লোকজন রেল অবরোধ করলে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেন সেখানে আটকা পড়ে। এতে সকাল ৯টা থেকে ১০টা ৫৬ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১০টা ৫৬ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে ময়মনসিংহ-১০ আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার পরপরই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ রেলপথের বিভিন্ন স্থানে আগুন দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, রেলপথের বিভিন্ন স্থানে আগুন দেওয়ায় লাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ শেষে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। তবে পরবর্তীতে গোলন্দাজ গেট এলাকায় পুনরায় রেলপথে আগুন দেওয়ায় রাত ১টার পর আটকে পড়া অন্তত ১০টি ট্রেন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে এসে আটকা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

প্রশাসনের তৎপরতা, যাত্রীদের স্বস্তি: ঘটনার পর থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গফরগাঁওসহ আশপাশের গুরুত্বপূর্ণ রেলক্রসিং ও স্টেশন এলাকায় নজরদারি বাড়িয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টানা অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের প্রাক্কালে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে এই ধরনের সহিংস কর্মসূচি শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, বরং রাজনৈতিক অস্থিরতাকেও উসকে দিচ্ছে। তাঁরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতভেদ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ