আইন-আদালত

মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

তানিম খান, মোহনগঞ্জ, নেত্রকোনা। ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি শাহিন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাহিন খান পাঠান ওরফে রেনু পাঠান পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন খান পাঠান ওরফে দারগা আলী পাঠানের ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম জানান, রেনু পাঠান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত এবং তার নামে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, “শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেনু পাঠানকে ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।”

পুলিশ সূত্রে জানা যায়, রেনু পাঠান শুধু মাদক সেবনই নয়, বরং পৌর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সর্বশেষ