সারাদেশ

মোহনগঞ্জে শিক্ষার্থীদের উদ্দেশে ওসি— সবার আগে মানবিক মানুষ হতে হবে

সুমন মাহমুদ ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক ব্যতিক্রমী আলোচনা ও মত বিনিময় সভা করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন।

আজ মঙ্গলবার ৭ এপ্রিল-২৬খ্রি. মোহনগঞ্জ সরকারি কলেজে এ আলোচনা সভায় ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, মোবাইল আসক্তি ও এর অপব্যবহারসহ নানা সামাজিক অপরাধ ও এসবের প্রতিকারের বিষয়ে আলোচনা করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় যৌক্তিক আলোচনা করেন। পাশাপাশি বর্তমান সমাজে কিশোর গ্যাং, মাদকের ভয়াবহতা এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় তুলে ধরেন। তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহারে ভালো ও মন্দ দুটি দিক রয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে ক্ষতিকর দিকটাই বেশি। বিশেষ করে এন্ড্রয়েড ফোন ব্যবহারের প্রতি শিক্ষার্থীদের আসক্ত না হওয়ার আহ্বান জানান। কোনো অবস্থাতেই মোবাইলের প্রতি অতিমাত্রায় আসক্ত হওয়া যাবে না।  

তিনি বিশ্লেষণ করে অতিরিক্ত নির্ভরতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন। এছাড়াও ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি শিক্ষার্থীদের সতর্ক করেন।

এ সময় ওসি মো. হাফিজুল ইসলাম হারুন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই সবার আগে তোমরা মানবিক মানুষ হও। তবেই আগামী দিনে সফল হওয়া সম্ভব। 

উন্মুক্ত এ আলোচনা সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সর্বশেষ