ময়মনসিংহ

ময়মনসিংহ-৪ ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দের জয়, ব্যবধান ৭,৭৮৭ ভোট

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
news image

ময়মনসিংহ সদর-৪ আসনে ১৭৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট। এতে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ৭ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

১৭৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জয়ের পর প্রতিক্রিয়ায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ বিজয় ময়মনসিংহ সদরবাসীর। আমি সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

অপরদিকে পরাজিত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এমরুল বলেন, তিনি ফলাফল পর্যালোচনা করবেন এবং দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ময়মনসিংহ-৪ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। 

সর্বশেষ