ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও একাধিক দেশীয় অস্ত্রসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৪৫ মিনিটে গফরগাঁও থানাধীন উথুরী এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন সাব্বির (২৩) ও মোঃ কামরুল ইসলাম (৩৫)। তারা গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের মোশারফ হোসেন ও দিলারা বেগমের সন্তান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাদের নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (MADE IN USA, 7.62MM খোদাইকৃত), এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, একটি পিস্তল সদৃশ্য লাইটার, একটি পুরাতন তরবারি, একাধিক রামদা, চাকু এবং একটি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই ওই দুই ভাইয়ের চলাফেরা নিয়ে সন্দেহ ছিল। রাতের বেলা তাদের বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াতও লক্ষ্য করা গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে, তদন্তের স্বার্থে অভিযান ও জব্দকৃত আলামতগুলো ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে।
সর্বশেষ