স্বাস্থ্য

ময়মনসিংহে হামের আতঙ্ক: ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

মাহমুদুল্লাহ রিয়াদ | স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ১০ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
news image

ময়মনসিংহে আবারও হামের লক্ষণ নিয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে জনমনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। মারা যাওয়া শিশুটিকে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেদিনই তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৪৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকটি মেডিকেল টিম সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সর্বশেষ