ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবনের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, সকালে মায়ের সঙ্গে চিকিৎসা নিতে এসে একপর্যায়ে নতুন ভবনের ৬ তলায় উঠে পড়েন ওই তরুণী। এরপর সেখান থেকে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের ভাই ইউসুফ আলী অভিযোগ করে বলেন, “ওর মানসিক সমস্যা ছিল, কিন্তু হাসপাতালে এমন উঁচু ভবনে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? কেউ কি নজরদারি করছিল না।
হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের বহুতল ভবনে নিরাপত্তা জোরদার, মানসিক রোগীদের তদারকি এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ নিয়ন্ত্রণ—এসব বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিকভাবে অসুস্থ রোগীদের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বাড়তি নজরদারি ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সর্বশেষ