ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক: লবিংয়ে সরব বিএনপির শীর্ষ নেতারা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
news image

দ্রুত সময়ের মধ্যেই ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এ নতুন প্রশাসক নিয়োগের জোর প্রস্তুতি চলছে। সরকার-ঘনিষ্ঠ একাধিক সূত্র ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিবেচনায়। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা—এ নিয়ে নগর রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

দলীয় ও প্রশাসনিক সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম

সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সরকারিভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি।

গত সোমবার দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর মসিকেও প্রশাসক দেওয়ার আলোচনা ত্বরান্বিত হয়। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাজনৈতিক বাস্তবতা ও নগর সেবার কার্যকারিতাদুই দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত আসতে পারে।

নগরবাসীর অভিযোগ—সরকারি কর্মকর্তা দিয়ে প্রশাসকের দায়িত্ব পালন করায় অনেক ক্ষেত্রে সেবায় ধীরগতি ও জটিলতা তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সংস্কার, হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত জট এসব ইস্যুতে দ্রুত সিদ্ধান্তের ঘাটতি রয়েছে বলে তারা মনে করছেন। রাজনৈতিকভাবে সম্পৃক্ত ও স্থানীয় বাস্তবতা জানা কেউ দায়িত্বে এলে সেবার গতি বাড়তে পারে এমন প্রত্যাশাও রয়েছে।

স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, এই নিয়োগ শুধু প্রশাসনিক নয়; এটি রাজনৈতিক বার্তাও বহন করবে। আসন্ন স্থানীয় নির্বাচন ও নগরীর রাজনীতির ভারসাম্য—দুই দিকেই এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে বিএনপির ভেতরে নেতৃত্বের অবস্থান নির্ধারণে এই পদটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নতুন প্রশাসক এলে নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন কতটা দ্রুত আসবে। চূড়ান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত জল্পনা-কল্পনাই ভর করছে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে। তবে একটি বিষয় স্পষ্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নতুন প্রশাসক নিয়োগ ঘিরে যে সমীকরণ তৈরি হয়েছে, তা নগরীর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সর্বশেষ