নেত্রকোনা

নেত্রকোণায় ডিজিটাল ফুয়েল কার্ড চালু, ১৮ এপ্রিল থেকে বাধ্যতামূলক

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
news image

নেত্রকোণায় জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সকল মোটরযান চালক ও মালিকদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে বাধ্যতামূলকভাবে ডিজিটাল ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পর, অর্থাৎ ১৮ এপ্রিল থেকে ডিজিটাল ফুয়েল কার্ড প্রদর্শন ছাড়া জেলার কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল চালক ও মালিককে নির্ধারিত ওয়েবসাইট (fuelcardnetrokona.com)-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।র

জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে এই ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

সর্বশেষ