নেত্রকোনা
নেত্রকোনা জেলার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রাম এবং খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রী আকাশ মিয়া (২৫) এবং খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরু চরাতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন সুদিন সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নাসির উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী আকাশ মিয়া শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে।
সর্বশেষ