মতামত

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের প্রথম মতবিনিময়

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২০ নভেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এ সভায় তিনি নেত্রকোনার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমসহ সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান নেত্রকোনাকে গারো পাহাড় ও হাওরবেষ্টিত শিল্প–সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ জনপদ হিসেবে উল্লেখ করে বলেন, “এই অঞ্চল ধান ও মাছের ভাণ্ডার। অন্তর্বর্তীকালীন সরকার যে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রাখতে পেশাগত দায়িত্বের পাশাপাশি জেলার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, জেলার উন্নয়নচিত্র, সমস্যা চিহ্নিতকরণ ও ইতিবাচক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখবেন—এ আশাবাদও ব্যক্ত করেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।

এছাড়া জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সহ–সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, নাজমুশ শাহাদাত নাজু, সুজাদুল ইসলাম ফারাস সুজু, ফজলুল হক রোমান, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, আল হেলাল তালুকদার, কে এম সাখাওয়াত হোসেন, এ কে এম এরশাদুল হক জনি, আবুল কালাম, আব্দুল হান্নান, এ বি চৌধুরী নাদিম, শাহজাদা আকন্দসহ আরও অনেকে মতামত তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের উন্নয়নমুখী রিপোর্টিংয়ের মাধ্যমে সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ