সর্বশেষ
নেত্রকোনায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও জনগণের মাঝে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে শহরের পৌর জয়ের বাজার ও মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান।
অভিযানে মনিটরিং টিম বিভিন্ন খাদ্য দোকান, মিষ্টির দোকান, মসলার মিল ও খাদ্য উৎপাদন কেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদের কাছে খাদ্য সংরক্ষণ, মোড়ক ও লেবেলিং, মেয়াদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে ‘জয় গুরু দই ঘর’সহ বেশ কয়েকটি দোকান থেকে খাদ্যপণ্যের মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া কিছু দোকানে লেবেলবিহীন প্যাকেট, অননুমোদিত রাসায়নিক রঙ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালু করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “খাদ্য ভেজাল কোনভাবেই বরদাস্ত করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।” তিনি সবাইকে ভেজাল খাদ্য বর্জন ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এ.বি. চৌধুরী নাদিম এবং কবি ও সাংবাদিক সৈয়দ সময়, যারা পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
স্থানীয়রা এ ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাজার থেকে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের সুরক্ষার স্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
সর্বশেষ