খেলাধুলা
সারা দেশের ন্যায় মোহনগঞ্জ উপজেলায়ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সপ্রাবি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (মাইলোড়া) মাঠে জমজমাট এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে মো. সেলিম কার্ণায়েন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী পুতুল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান খান ও স্নিগ্ধা চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।
ফাইনাল ম্যাচে বালক বিভাগে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক ফুটবলার আলী মুসার কোচিংয়ে দলটি পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল।
অন্যদিকে বালিকা বিভাগে সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয়লাভ করে রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে দলটি হ্যাটট্রিক অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
সর্বশেষ