সারাদেশ

অবৈধ ভূমি খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেকু জব্দ ও জরিমানা

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
news image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে ভূমি খননের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং খননের কাজে ব্যবহৃত ভেকু জব্দ করা হয়েছে।

রবিবার (০৮ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মলাই মেম্বার (৫০), পিতা আব্দুস ছামাতকে অবৈধভাবে ভূমি খননের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে খননের কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।

এ সময় কুন্ডা বাজারে বাজার মনিটরিংও করা হয়। বাজারের দুটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার ৫০০ টাকা এবং ৫৩ ধারায় আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, মো. মুবাশ্বির আলমের অভিযোগের ভিত্তিতে এর আগেও মনাই মিয়াকে সতর্ক করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। সতর্ক করার পর কিছুদিন মাটি কাটা বন্ধ থাকলেও গত ৭ মার্চ থেকে পুনরায় খনন কার্যক্রম শুরু করেন তিনি। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, “জনগণের স্বার্থে ভূমি খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ