অর্থনৈতিকভাবে পিছিয়ে ময়মনসিংহ বিভাগ, শিল্প ও কর্মসংস্থানে ব্যাপক সংকট
মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ |•২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
225 Views
অর্থনৈতিকভাবে ময়মনসিংহ বিভাগ এখনও পিছিয়ে আছে, বিশেষ করে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নে। যদিও বিভাগীয় মর্যাদা ও সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়েছে, তবুও দেশের অন্যান্য বিভাগের তুলনায় অগ্রগতি কম এবং অনেক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন এখনও প্রত্যাশিত মানে পৌঁছায়নি।
[অর্থনৈতিক অনগ্রসরতার প্রধান কারণগুলো]
• শিল্পায়নের অভাব: ভালুকা-ত্রিশাল ছাড়া বিভাগের অন্য জেলাগুলোতে শিল্প-কারখানা গড়ে ওঠেনি, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
• অবকাঠামোগত ঘাটতি: বিভাগীয় শহরের মর্যাদা পেলেও নাগরিক সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি।
• ব্যবসা-বাণিজ্যের সীমিত সুযোগ: শিল্পায়নের অভাবের কারণে ব্যবসা-বাণিজ্যের সুযোগও সীমিত, যা স্থানীয় অর্থনীতিকে দুর্বল করছে।
• প্রত্যাশিত উন্নয়নের অভাব: বিভাগ হওয়ার পর এক দশক পার হলেও প্রত্যাশিত অবকাঠামোগত ও নাগরিক উন্নয়ন অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে বলে স্থানীয়রা মনে করেন।
ময়মনসিংহ বিভাগ ঘোষণার এক দশক পার হলেও কাঙ্খিত অবকাঠামোগত ও নাগরিক উন্নয়ন অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বিভাগীয় শহরের মর্যাদা পেলেও অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো কেবল দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সদ্য প্রতিষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় নগর পরিকল্পনাকে আধুনিক ও টেকসই করে তুলতে নাগরিক সমাজ ১১টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এই দাবিগুলো শুধু শহরের সৌন্দর্য ও পরিকাঠামো উন্নয়নের প্রশ্ন নয়, বরং একটি বিভাগীয় শহরের মর্যাদা রক্ষার অনিবার্য পূর্বশর্ত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহে একটি বিমানবন্দর প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে এই উদ্যোগ অত্যন্ত জরুরি। বর্তমানে পাশ্ববর্তী জেলাগুলোর উপর নির্ভরশীলতা ব্যবসা-বাণিজ্যে প্রতিকূলতা তৈরি করছে। ব্রহ্মপুত্র নদের প্রকৃত খনন: নদী কেন্দ্রিক নগরী হিসেবে ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র আজ ময়লা ও অব্যবস্থাপনায় মৃতপ্রায়। সঠিক খনন ও নব্যতা ফেরাতে না পারলে নদীভিত্তিক পর্যটন, পরিবহন ও পরিবেশ সবই হুমকির মুখে পড়বে।
মূল সড়ক সমূহের সংস্কার ও প্রশস্তকরণ: নগরীর প্রধান প্রধান সড়কসমূহ বর্তমানে যানজট ও বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগের উৎস। রহমতপুর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কেওয়াটখালী থেকে বাইপাস, টাউন হল থেকে র্যালির মোড়, চরপাড়া, ফুলবাড়িয়া পর্যন্ত সবগুলো রুটে আইল্যান্ডসহ প্রশস্ত সড়ক নির্মাণের দাবি জানানো হয়েছে।
দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ: ব্রহ্মপুত্র ব্রিজ মোড় ও গাঙ্গিনারপাড় মোড়ে প্রতিদিন শিক্ষার্থী ও পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। সেখানে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ এখন অপরিহার্য। দুর্ঘটনা প্রতিরোধে গোলচক্কর: ফুলবাড়িয়া বাইপাস মোড় ও শম্ভুগঞ্জ বাজারে কিশোরগঞ্জমুখী রাস্তায় গোলচক্কর স্থাপন না থাকায় সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। এই এলাকাগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।
ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ‘ময়মনসিংহ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (গটঊঞ)’ হিসেবে রূপান্তরের দাবি উঠেছে দীর্ঘদিন ধরে। এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি প্রযুক্তি শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। রেলপথ স্থানান্তর ও নতুন সড়ক: নগরীর ভিতর দিয়ে রেল চলাচল দীর্ঘ যানজট ও ঝুঁকির কারণ। রেললাইন স্থানান্তর করে সুতিয়াখালী পর্যন্ত সম্প্রসারণ এবং পাশাপাশি সড়ক নির্মাণ এই সমস্যা সমাধানে কার্যকর হতে পারে।
সিটি কর্পোরেশন ভবন নির্মাণ: এখনো পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হয়নি। কার্যক্রম চালানো হচ্ছে অস্থায়ী ভিত্তিতে, যা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ব্যর্থ। সিটি কর্পোরেশন এলাকা বিভক্ত হলেও মেট্রোপলিটন থানাগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও বাস্তবায়িত হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান উন্নয়নে এই উদ্যোগ জরুরি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এখনো নিজস্ব ভবন নেই। প্রশাসনিক কাজকর্ম চলছে অস্থায়ী অফিসে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। বর্তমান ময়মনসিংহ রেল স্টেশনকে বিভাগীয় স্টেশনের রূপ দেওয়ার দাবি দীর্ঘদিনের। যাত্রীসংখ্যা ও চলাচলের পরিপ্রেক্ষিতে নতুন অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা একান্ত প্রয়োজন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। কিন্তু এর শয্যাসংখ্যা ও সুযোগ-সুবিধা বর্তমান চাহিদা পূরণে অপর্যাপ্ত। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা চাহিদা মেটাতে হাসপাতালটিকে ৩,০০০ বেডে উন্নীত করা সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উন্নয়নের পথে প্রধান বাধা: স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতা, প্রকল্প গ্রহণে দেরি, প্রশাসনিক জটিলতা, বাজেট বরাদ্দের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবই এসব উন্নয়ন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ময়মনসিংহের নাগরিক সমাজ মনে করেন, “এই সকল দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য বিভাগীয় নগরী হিসেবে ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।”