সারাদেশ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলা বাজারে এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ভূমি এসএম নাজমুল সালেহীন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার তারাকান্দা ও কোধালধর বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম-এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল পাবলিক সেজে বিভিন্ন দোকানে এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাই করেন।
অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা হলেও কিছু দোকানে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এ অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি দোকানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উপজেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
সর্বশেষ