আইন-আদালত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মেয়েকে বাড়ি আনতে গিয়ে ইটবোঝাই লরির চাপায় রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল জব্বারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নের পূর্ব বাজারে শাহাবাজ মিয়ার দোকানের সামনে পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে। রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার (১২)—যিনি ঢাকার একটি মাদ্রাসায় অধ্যয়নরত—তাকে বাড়িতে নিয়ে আসার পথে রেন্টিতলা মোড় থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের দিকে যাচ্ছিল।
পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন লরি সামনে পড়লে মোটরসাইকেলটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ