সারাদেশ

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের পুকুরে অবৈধ মাছ চাষের অভিযোগ, তদন্তের দাবি

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের পুকুরে অবৈধভাবে মাছের পোনা অবমুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পুকুরটি মূলত সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। কয়েক বছর আগে মোহনগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ পুকুরটিতে বিদেশি রঙিন মাছের পোনা অবমুক্ত করেছিলেন। এতে পুকুরের নান্দনিকতা বৃদ্ধি পায় এবং ক্যাম্পাসের পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

তবে সম্প্রতি অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ওই পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে পানিতে অক্সিজেনের ঘাটতি কিংবা মাছের জীবনচক্রে বিঘ্ন ঘটায় কিছু মাছ মারা গিয়ে পানিতে ভেসে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মাছের পোনা মারা যাওয়ার পর বিষয়টি স্থানীয় লোকজন ও কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, “কে বা কারা কলেজের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে তা আমরা জানি না। কলেজ বন্ধ থাকায় আমাদের অগোচরে কেউ এ কাজ করে থাকতে পারে। বিষয়টি কলেজের সভাপতিকে অবগত করেছি।”

কলেজের নাইট গার্ড মো. শামীম বলেন, “আমি রাতের দায়িত্বে থাকি। আমার জানামতে রাতে কেউ পুকুরে মাছের পোনা ছাড়েনি। দিনে কে বা কারা এটি করেছে তা আমার জানা নেই।”

তবে এলাকাবাসীর দাবি, রমজানের ছুটির কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ফরম পূরণসহ প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। এছাড়া কলেজ ক্যাম্পাসের ভেতরেই অধ্যক্ষের আবাসন ব্যবস্থা রয়েছে। ফলে এমন ঘটনা ঘটলে তা কর্তৃপক্ষের নজরে আসার কথা বলে তারা মনে করছেন।

স্থানীয়দের অভিযোগ, কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে থাকেন, তবে তা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করার কথা। বিষয়টি নিয়ে অধ্যক্ষের বক্তব্যে সন্তুষ্ট নন এলাকাবাসীর একাংশ। তারা মনে করছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ