সারাদেশ
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ — প্রস্তুত থাকে যদি দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের নিশ্চয়তা”—এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। শুক্রবার (৫ ডিসেম্বর) সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য। ফাউন্ডেশনের পক্ষ থেকে সদস্যদের জন্য চিকিৎসক এর মাধ্যমে ব্লাড টেস্ট, টি-শার্ট ও আইডি কার্ড প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজনে গ্রামের সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত রক্তদান শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, সমাজে একটি মানবিক সেতুবন্ধনও তৈরি করে। গর্ভবতী মা, দুর্ঘটনায় আহত ব্যক্তিসহ জরুরি অবস্থায় থাকা অসংখ্য মানুষের জন্য রক্তই হতে পারে বাঁচার শেষ অবলম্বন—এ উপলব্ধি থেকে সদস্যরা প্রতিশ্রুতি দেন, “আমাদের রক্তের অভাবে যেন কোন মা, বোন বা ভাই আর মৃত্যুবরণ না করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামের সাধারণ মানুষ। তারা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সদস্য শফিকুল ইসলাম (সুফল)।
স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করতে এমন মানবিক আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং নতুন রক্তদাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ