সারাদেশ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ সরকারি খাদ্য গুদামে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
একাধিক সূত্র জানায়, গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিক মোটা অংকের অর্থ ব্যয়ে এই পদে পোস্টিং নেন। যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে নিম্নমানের চাল ক্রয়, ভালো মানের চাল গুদাম থেকে বাইরে বিক্রি করে তার পরিবর্তে নিম্নমানের চাল মজুদ করা, এমনকি ভালো ও খারাপ চাল মিশিয়ে সরবরাহ করার মতো অভিযোগ।
এছাড়াও পুরাতন ও নিম্নমানের বস্তায় চাল সংগ্রহের বিষয়েও অভিযোগ পাওয়া গেছে, যা সংরক্ষণ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত কয়েক মাস আগে সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির আওতায় চাল বিতরণের সময় নিম্নমানের চাল সরবরাহ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ডিলার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
অভিযোগ রয়েছে, এই অনিয়মে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তাকে সহযোগিতা করছেন উপ-খাদ্য পরিদর্শক তাজিম উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ খাদ্য গুদামে কর্মরত। একাধিকবার বদলি হলেও বিভিন্নভাবে আবারও একই কর্মস্থলে ফিরে আসেন বলে জানা গেছে।
তাজিম উদ্দিনের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিতে বলেন।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে খাদ্য গুদামের অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে।
সর্বশেষ