ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো তিন আসামি হলেন— ভালুকা উপজেলার আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. নাজমুল (২১)। আগামী ২২ ডিসেম্বর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় অজ্ঞাতনামা ১৪০–১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ আসামির মধ্যে ৩ জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। র্যাব-১৪ কর্তৃক গ্রেপ্তার অপর ৭ আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত যুবক দিপু চন্দ্র দাস (২৭) ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ডুবালিয়াপাড়া এলাকায় কারখানার ভেতরে ও বাইরে উত্তেজিত শ্রমিক ও জনতার হাতে গণপিটুনির শিকার হন দিপু চন্দ্র দাস। একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে উত্তেজিত জনতা মরদেহ মহাসড়কে নিয়ে গিয়ে অবরোধ সৃষ্টি করে এবং লাশে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় র্যাব-১৪ এর একটি দল ৭ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন— তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)। গ্রেপ্তারদের মধ্যে আলমগীর হোসেন পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের ফ্লোর ম্যানেজার এবং মিরাজ হোসেন আকন কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল জানান, ধর্ম অবমাননার অভিযোগটি এখনো অস্পষ্ট। নিহত ব্যক্তি কাকে কী বলেছেন—সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। কারখানার ভেতরে কাজ করার সময় বাগবিতণ্ডার সূত্রপাত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ