রাজনীতি

“ভাটি বাংলার মানুষের দোয়া আমাকে নতুন শক্তি দিয়েছে: লুৎফুজ্জামান বাবর”

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
news image

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর বলেছেন, “ভাটি বাংলার মানুষের প্রতি আমার যে ভালোবাসা, সেই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।”

শুক্রবার (১৪ নভেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের চল্লিশায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাবর বলেন, “দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও নির্বাচনে অংশ নিতে পারব—এটা কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। তারা আবারও আমাকে এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম নিজ এলাকায় ফিরলাম। নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। তাদের এই ভালোবাসা ও দোয়ার প্রতিদান আমি সারাজীবন দেব। যতদিন বাঁচবো, হাওরপাড়ের মানুষের জন্য কাজ করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

আগামীতেও হাওর অঞ্চলের মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, “পূর্বে আল্লাহর ইচ্ছা এবং আমার নেত্রী ও নেতার সিদ্ধান্তেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে, তা আল্লাহ আর নেতৃবৃন্দই নির্ধারণ করবেন। এ বিষয়ে আমার আলাদা কোনো বক্তব্য নেই।”

সম্প্রতি আলোচিত জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে আমাদের মহাসচিব ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে। আমিও সেই বক্তব্যের সঙ্গে একমত এবং তাকেও সাধুবাদ জানাই।”

উল্লেখ্য, নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওরবেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী নিয়ে গঠিত নেত্রকোনা–৪ আসনে দীর্ঘ ১৭ বছর পর আবারও ধানের শীষের প্রার্থী করেছে বিএনপি।

এরই মধ্যে মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরীতে বাবরের মনোনয়নকে ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ—সবাই প্রথমবারের মতো তাকে ‘ভাটি বাংলার সিংহপুরুষ’ বলে অভিহিত করছেন। উৎসবমুখর পরিবেশে বাঁশি–ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠেছে হাওরপাড়।

সর্বশেষ