আজকের খবর

প্রাথমিক শিক্ষায় উৎসাহ বাড়াতে আটপাড়ায় ব্যতিক্রমী বৃত্তি পরীক্ষা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
news image

নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে স্বরমুশিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে মোট ১০০ নম্বরের ক্লাসভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়।


পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, তত্ত্বাবধান ও মূল্যায়নের দায়িত্বে ছিলেন আটপাড়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পরীক্ষার মাধ্যমে প্রতিটি শ্রেণি থেকে মেধাতালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হবে বলে আয়োজকরা জানান।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন উদ্যোগ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়। তারা প্রতিবছর এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনের দাবি জানায়।

অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন অভিভাবক বলেন, “করোনার পর প্রাথমিক শিক্ষাব্যবস্থা অনেকটাই পিছিয়ে পড়েছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী করবে এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনে সহায়তা করবে। আমরা চাই, এই উদ্যোগটি প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক।”

স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ পরীক্ষার আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।


পরীক্ষা উপলক্ষে স্বরমুশিয়া ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাথমিক শিক্ষার উন্নয়নে এ ধরনের ইতিবাচক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ